খুলনার তেরখাদা থানার মধুপুর উত্তর পাড়ায় সন্ত্রাসী হামলায় নূরে শেখ নামের এক স্থানীয় বিএনপি কর্মী ও কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে এ হামলায় তার ছেলেসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকালে নূরে শেখ তার ছেলে, মফিজ মুন্সি, আলী হুসাইন, হিজবুল শেখসহ ছয় থেকে সাতজন মিলে বিলের জমিতে ধান কাটতে যান। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডার ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মোল্লা, সাইফুল মোল্লা ওরফে কালাই ও মাদক ব্যবসায়ী আউয়াল শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, লাঠিসোঁটাসহ তাদের ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। অ্যাডভোকেট শহিদুল মোল্লা ঘটনাস্থলে থেকেই হামলার নেতৃত্ব দিয়েছেন বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন।
সন্ত্রাসীদের নৃশংস হামলায় পাঁচ থেকে ছয়জন জখম হন। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর আনুমানিক ১টার দিকে নূরে শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী নেতার মদদে ও অ্যাডভোকেট শহিদুল মোল্লার নীল নকশায় এই হামলা চালানো হয়েছে। তার নেতৃত্বে এর আগেও এলাকায় একাধিক খুন হয়েছে বলেও জানান তারা।
এদিকে অভিযুক্তদের বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত অন্যদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।