যশোর শহরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল করায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।
আটককৃতরা হলেন—শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন ও ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।
এর আগে মঙ্গলবার সকালে ও রাতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের গরীবশাহ সড়কে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।