ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উদ্যাপনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরি পিন্টু।
এসময় পাবনা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বাদ্য-বাজনার তালে তালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষে অতিথি হিসেবে থাকবনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। পরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে শুক্রবার কেক কাটা ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের বর্ণাঢ্য আয়োজন। সমাপনী দিন রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রসঙ্গত, ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে।