নাটোরের সিংড়া উপজেলায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) ভোরে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি এলাকায় মাছের পোনা কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (৩ মে) রাত ১০টার দিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক কোনো বিষয়ে রুবেলের কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। এর জেরে তিনি অভিমান করে পাশের একটি কক্ষে একা ঘুমাতে যান।
সোমবার ভোরে তার স্ত্রী শিউলি বেগম ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখেন রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় রুবেল পড়ে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
সকালে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বর্তমানে সিংড়া থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহ নাকি ব্যবসার কোনো অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম। এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।