অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সাতক্ষীরার আমপ্রেমীদের। জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হচ্ছে। এর মাধ্যমেই দেশের বাজারে চলতি মৌসুমের রসালো ও বিষমুক্ত আমের সরবারহ শুরু হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল প্রথম দিনে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আগাম আমগুলো নামানো যাবে। তবে দেশজুড়ে জনপ্রিয় জাতগুলোর জন্য ক্রেতাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
নিরাপদ আম নিশ্চিত করতে জেলা প্রশাসন যে সময়সূচি নির্ধারণ করেছে তা হলো-১৫ মে শুরু হবে সাতক্ষীরার বিশেষত্ব হিমসাগর সংগ্রহ। ২৭ মে বাজারে আসবে জনপ্রিয় ল্যাংড়া। ৫ জুন আম সংগ্রহের তালিকায় যুক্ত হবে সুমিষ্ট আম্রপালি।
সাতক্ষীরার আম গুণগত মানের দিক থেকে অনন্য হওয়ায় এবারও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির জোর প্রস্তুতি চলছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ও মিষ্টতা দুটোই বেশ ভালো। প্রশাসনের কঠোর নজরদারিতে ক্ষতিকর রাসায়নিকমুক্ত আম নিশ্চিত করতে বাগানগুলোতে বিশেষ তদারকি চালানো হচ্ছে।
জেলায় আমচাষিদের মধ্যে এখন সাজ সাজ রব। আগামীকাল সকাল থেকেই জেলা ও উপজেলার আড়তগুলোতে আমের তোড়জোড় শুরু হবে বলে আশা করা হচ্ছে।