কক্সবাজারের টেকনাফে মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (৪ মে) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইটভাটার নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে প্রায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।
অভিযান চলাকালে আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র অত্যন্ত গোপনীয়ভাবে মাটির নিচে সংরক্ষণ করা হয়েছিল, যা একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সুসংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত বহন করে।
টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার বলেন, ‘উদ্ধারকৃত মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তিকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, উপকূলীয় এলাকা, বিশেষ করে টেকনাফ সীমান্তকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালান চালিয়ে আসছে সংঘবদ্ধ চক্রগুলো। এসব চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।
নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং মাদক-অস্ত্র চোরাচালান রোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।