আমের রাজধানী খ্যাত সাতক্ষীরায় আজ থেকে শুরু হয়েছে মধু মাসের উৎসব। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসন।
গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম। পাকা আমের মিষ্টি ঘ্রাণে মুখরিত সাতক্ষীরার বাগানগুলো। মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার ফিংড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানে আম পাড়ার মাধ্যমে শুরু হয় ২০২৬ সালের সংগ্রহ কার্যক্রম।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল আনুষ্ঠানিকভাবে এই মৌসুমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রথম দিনে গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখাসের মতো স্থানীয় আগাম জাতের আম সংগ্রহ করছেন চাষিরা। ফলন ভালো হওয়ায় এবং সঠিক সময়ে আম নামাতে পেরে খুশি বাগান মালিকরা।
তবে এবারের মৌসুমে প্রশাসনের প্রধান লক্ষ্য—ভোক্তাদের কাছে বিষমুক্ত আম পৌঁছে দেওয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাফ জানিয়ে দিয়েছেন, কেমিক্যাল দিয়ে আম পাকালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অতিরিক্ত লাভের আশায় কোনোভাবেই কেমিক্যাল ব্যবহার করা যাবে না। নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।
জেলা প্রশাসনের সূচি অনুযায়ী, জনপ্রিয় হিমসাগর আমের জন্য অপেক্ষা করতে হবে আরও ১০ দিন। ১৫ মে থেকে নামবে হিমসাগর এবং জুনের শুরুতেই বাজারে আসবে আম্রপালি। আজ থেকে সংগ্রহ করা আমগুলো ইতোমধ্যে ট্রাকযোগে রওনা হয়েছে রাজধানীর পথে।