জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৪৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। যার কারণে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে বিপাকে পড়েছেন প্রায় ৩০ হাজার গ্রাহক।
বুধবার (৬ মে) দুপুর সোয়া একটার দিকে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ের পর উপজেলার অন্তত ৭৫টি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন আক্কেলপুর পল্লী বিদ্যুৎ অফিস।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি হেলে ও ভেঙে পড়েছে। কোথাও উপড়ে পড়া গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক স্থানে তার ছিঁড়ে যাওয়ায় পুরো লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ীরা। সন্ধ্যার পর অনেক গ্রাম অন্ধকারে ডুবে যায়। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগে সমস্যা তৈরি হয়েছে। ঝড়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আক্কেলপুর পৌরশহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও হাস্তাবসন্তপুর, পালপাড়া, জিয়ানীপাড়া, শ্রীকৃষ্টপুর ও শান্তা মহল্লাসহ বেশ কয়েকটি এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি।
আক্কেলপুর পৌরশহরের পালপাড়া মহল্লার বাসিন্দা মাহমুদুর রহমান মানু বলেন, “সেকশন ভিন্ন থাকায় আমাদের বাসায় এখনো বিদ্যুৎ নেই। অথচ কয়েকটি বাসা পরেই বিদ্যুৎ রয়েছে। সামান্য ঝড় হলেই আমাদের সেকশনের লাইন বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎ পাইনি। ফ্রিজে থাকা খাবার নষ্ট হওয়ার পথে।”
আক্কেলপুর পৌরসভার বাসিন্দা গোবিন্দ চ্যাটার্জী বলেন, “ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছি। মোবাইল ফোনে চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে। আত্মীয় স্বজনদের খোঁজ নিতে পারছি না।”
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঝড়ের পর থেকে গোপীনাথপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ বিদ্যু না থাকায় লোকজন চরম ভোগান্তিতে পড়েছে।
আক্কেলপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে অন্তত ৪৫টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইনের বিভিন্ন স্থানে মেরামত কাজ চলছে। মাঠপর্যায়ে একাধিক টিম কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুর রহমান বৃহস্পতিবার দুপুরে নাগরিক প্রতিদিনকে বলেন, “কালবৈশাখী ঝড়ের পর আক্কেলপুর পৌরসভার আংশিক এলাকা ও রুকিন্দীপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। বর্তমানে প্রায় ২৫-৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন আছেন। দ্রুত মেরামত করে লাইন সচলের কাজ চলমান রয়েছে। শুক্রবারের (৮ মে) মধ্যে আশা করছি সব লাইন চালু হয়ে যাবে।”