জামালপুরে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় অবস্থিত রোকেয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলমান জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পরিমাপ যাচাইয়ের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, গ্রাহকদের সঙ্গে প্রতারণা বা কম পরিমাণে জ্বালানি সরবরাহের কোনো সুযোগ নেই। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অনিয়ম প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।