জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে নাটোরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে শহরের নারদ নদের তীর ও সদর হাসপাতাল এলাকায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর ও তরুণরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, তারাই সেই শেষ প্রজন্ম যারা জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহতা রুখে দেওয়ার ক্ষমতা রাখেন। পৃথিবী আজ চরম বিপন্ন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে এখনই সোচ্চার হওয়ার সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা ও প্রদক্ষেপই বৈশ্বিক এই সংকট মোকাবিলায় বড় পরিবর্তন আনতে পারবে।
উল্লেখ্য, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের শুরু করা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বিশ্বজুড়ে তরুণরা এই দিনে জলবায়ু সুবিচারের দাবিতে ধর্মঘট ও সমাবেশ পালন করে আসছে।
নাটোরে এই আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণরা পরিবেশ দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।