রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে মারিশ্যা জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগেরা চাকমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ইউপিডিএফের অভিযোগ, ‘ঠ্যাঙাড়ে মুখোশ বাহিনী’র কমান্ডার বর্ণ চাকমা ও আশীষ ত্রিপুরার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল হামলাটি চালিয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, শুক্রবার দীঘিনালায় অনুষ্ঠিত এক সমাবেশে বর্ণ চাকমা প্রকাশ্যে পানছড়ির মো. ইমন হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভোরে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা নিহত হওয়ায় ঘটনাটিকে পরিকল্পিত প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখছেন অনেকে।
ঘটনার পর শুকনাছড়া, মারিশ্যা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।