নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে রেবেকা সুলতানা লেবু (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তার স্বামী অটোভ্যান চালক রিপন আলী গুরুতর আহত হয়েছেন।
নিহত রেবেকা সুলতানা সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আলীর মেয়ে। তার স্বামী রিপন আলী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ছোট দেরাহাল গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন আলীর অটোভ্যানে করে নন্দীগ্রাম স্বামীর বাড়ি থেকে বোনের বাড়ি সিংড়া উপজেলার বড় চৌগ্রাম আসছিলেন। চৌগ্রাম বাজার থেকে আত্মীয়র বাসায় যাওয়ার পথে তালপুকুর এলাকায় নাটোর-বগুড়া মহসড়ক থেকে একটি সংযোগ সড়কে নামার সময় নাটোর থেকে বগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে করে ভ্যানে থাকা রেবেকা সুলতানা লেবু ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্বামী রিপন আলী গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত গতিতে পালিয়ে যায়।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত রিপন আলী ও নিহতের মরদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে অভিযান শুরু হয়েছে। নিহতের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।