ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে মারধর করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন সবুজ মিয়া নামে আরও একজন। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্গারামপুর এলাকার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট-সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। কিন্তু, সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় তাকে ভুয়া সন্দেহ করেন হাবিবুর রহমান।
একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো করে সাইফুল ইসলামের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। এসময় মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।