নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অতিথি রাণী দাস (১৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৯ মে) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে। সে স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে তাদের মোবাইল ফোন চার্জে দিতে যায় অতিথি রাণী। এসময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে অতিথি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।