সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন বাবলু গাজী (৪৮) নামের এক মৌয়াল।
রোববার (১০ মে) সকালে এই ঘটনা ঘটে। আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
মৌয়াল বাবলু গাজীর সঙ্গীরা জানান, রোববার সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়।
এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, ‘আমরা একসঙ্গে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলের ওপর আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে। তবে তার শরীরের কয়েকটা স্থানে ক্ষত রয়েছে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করতে হয় তাদের।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, একজন মৌয়াল বাঘের আক্রমণে আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। আহত ব্যক্তির স্বজনেরা এখনো সরাসরি যোগাযোগ করেননি। তবে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।