নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে এগারোটা উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন রাস্তায় এঘটনা ঘটে। মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে এগারোটায় নিজ বাড়ির সামনের রাস্তায় তার বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মাহিন। হঠাৎ কাপড়ে মুখ বাঁধা অবস্থায় ৪/৫ জন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন। এরপর দ্রুত সময়ের মধ্যেই টর্চ লাইট জ্বালিয়ে গুলি করে অটোরিকশায় উঠে চলে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, ‘আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।’
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘অজ্ঞাতনামা কয়েকজন সিএনজিযোগে এসে মাহিন নামে আমাদের এক কর্মীকে গুলি করে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।’
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’