শেরপুরের নকলায় ১০৮ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার গড়েরগাঁও মোড় থেকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এই মদসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (৩৭), একই উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতীর রাংটিয়া পাতার অফিস এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার গড়েরগাঁও মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপে থাকা ভুসির বস্তার ভেতর থেকে ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করে তিন কারবারিকে আটক করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ভুসির বস্তার আড়ালে অভিনব কৌশলে এসব মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ১০৮ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।