জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী।
এর আগে সন্ধ্যা ৭টা দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই এলাকার মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন শাহীন মিয়া। পরে পরিবারের সদস্যদের সঙ্গে বসে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি ইয়াসিনের গলায় আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ছটফট করতে থাকে।
এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।