মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামে ছাগলে প্রতিবেশীর জমির শাক খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুল সাজেদা বেগমের বাড়ির সামনে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে সুজন শেখের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জালাল শেখ গ্রুপের হারুন শেখ (৩০), সুজন শেখ (২৫), সুমন শেখ (৩০) ও আফরোজা (২৭) আহত হন। অপরদিকে মোতাহার গ্রুপের নাজির (৩৫), উজ্জ্বল (৩০) ও শরিফুল (৩০) সহ আরও কয়েকজন আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দ্বারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, ছাগলে জমির শাঁক খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে