গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে একটি উন্মত্ত কুকুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টান কালিয়াকৈরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে পথচারীদের ওপর হামলা চালায়। কুকুরটির আকস্মিক আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া দিলে সেটি পালিয়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন- শামীম হোসেন, শিপলু সরকার, শাহিনুর, ইউসুফ, গোলাম রাব্বী, সুরুজ্জামান, সানোয়ার, হৃদয় রায়, ফারুক হোসেন, কাউসার, রেজাউল করিম, লুৎফর রহমান, সামিয়া, শাহরুখ ও শহীদুল ইসলামসহ আরও একজন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নাফিজুর রহমান বলেন, কুকুরের কামড়ে আহত ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ কুকুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার ঝুঁকি থাকে। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা এসব কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, বিষয়টি জানার পর পৌরসভার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।