গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শুভ (১৬) নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হন। ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এসময় তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।