জামালপুরের ইসলামপুরে কালোবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় অবস্থিত ঝর্না ফিলিং স্টেশনে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনটিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে কালোবাজারে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত আইনে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ঝর্না ফিলিং স্টেশনে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ ছিল। প্রশাসনের এমন অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।