নাটোরের লালপুরে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পদ্মা নদী তীরবর্তী নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। এতে র্যাবের ৫ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় মূল হোতা সোহাগ মাহমুদকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর র্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল সাদা পোশাকে মোটরসাইকেলযোগে নবীনগর এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান। এসময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের পথরোধ করে এবং তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে হামলাকারীরা র্যাব সদস্যদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হামলার মূল নেতৃত্বদানকারী সোহাগ মাহমুদকে আটক করে এবং আহত র্যাব সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার জানান, আহতদের মধ্যে চারজন শারীরিক আঘাতজনিত কারণে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে শাহীন নামে এক র্যাব সদস্যের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘র্যাব সদস্যরা সরকারি দায়িত্ব পালনে সেখানে গিয়েছিলেন। তাদের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’