মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকায় হতদরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত টিসিবির চাল গোপনে বিক্রির অভিযোগে ৪৩৪ কেজি চালসহ একটি ইজিবাইক আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগ উঠেছে, টিসিবি কার্ডধারীদের প্রাপ্য চাল আত্মসাৎ করে তা বাজারে বিক্রি করা হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার হাটবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবি ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে টিসিবির চাল, চিনি ও তেলসহ বিভিন্ন সরকারি পণ্য গোপনে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছেগ বুধবারও উপকারভোগীদের মাঝে বিতরণ না করে ৪৩৪ কেজি সরকারি চাল অন্যত্র বিক্রি করা হয়। পরে চালগুলো ইজিবাইকে করে পাচারের সময় স্থানীয় জনতা হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেয়।
বাহারবাগ এলাকার ক্রেতা মো. ফারুক বিশ্বাস জানান, তিনি মূলত বস্তা কিনতে গিয়েছিলেন। এ সময় তাকে ৩০ টাকা কেজি দরে চাল কেনার প্রস্তাব দেওয়া হয়। তবে এটি সরকারি টিসিবির চাল ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যপণ্য বছরের পর বছর ধরে প্রভাব খাটিয়ে বাইরে বিক্রি করা হচ্ছিল। তারা বলেন, গরিবের মুখের খাবার লুট করে যারা ব্যবসা করে, তাদের বিরুদ্ধে শুধু সাময়িক ব্যবস্থা নয়, কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিলের দাবি জানান তারা।
অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি।’ সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই চাল নিতে চান না, টাকা নিতে চান। তাই বিক্রি করেছি।’
সরেজমিনে গিয়ে ডিলারের ঘরের ভেতরে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুদ অবস্থায় দেখা যায়। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’