পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের তিন তলায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থরা সবাই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ছাত্রী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানী বলেন, ‘বুধবার দুপুরে তিন তলায় অবস্থিত ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর তিন-চারজন ছাত্রী হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এভাবে আস্তে আস্তে আরও অনেক ছাত্রী অসুস্থ হতে থাকে। সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। তারা অসুস্থ্য ছাত্রীদের খোঁজ নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকরা জানান, সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন অনেকটাই স্বাভাবিক আছে তারা। অনেকে বাড়ি ফিরে গেছে। এটা মূলত ম্যাস হিস্টিরিয়া হতে পারে। ভয়ের কিছু নেই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।