বান্দরবানে বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গেছে অর্ধশতাধিক দোকান ও বসতঘর। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুন মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা লোকজন এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু, সেখানে দাহ্য সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনায় বহু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। প্রাথমিক অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট ধারণা করা হচ্ছে।