সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে তাসলিমা খাতুন নামে ৫ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী যশোর জেলার বেনাপোল এলাকার লোকমান মোড়লের ছেলে সাদ্দাম হোসেন (৪৩) -এর বিরুদ্ধে।
নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে। অন্যদিকে ঘাতক সাদ্দাম হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে। প্রায় ১৫-১৬ বছর আগে তাদের বিয়ে হয়। সাদ্দাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারি গ্রামে তার নানা বাড়িতে সপরিবার বসবাস করছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টায় ঘাতক সাদ্দাম হোসেন বাইরে থেকে ঘরে ফিরে তার স্ত্রী তাসলিমা খাতুনকে ডাকেন। তাসলিমা ঘুমিয়ে থাকায় সাড়া দিতে কিছুটা দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তাকে অন্য একটি ঘরে ডেকে নিয়ে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে খুর দিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ঘটনার সময় নিহতের ১২ বছর বয়সী বড় মেয়ে সাদিয়া সুলতানা ও তার ছোট ভাই অন্য ঘরে ঘুমিয়ে ছিল। পরে সাদিয়া তার নানার বাড়িতে ফোন করে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জেরেই সাদ্দাম হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত আরও তথ্য জানা যাবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।