সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (১৭ মে) সকালে উপজেলার সোনতলা ব্রিজের ওপর মুখে মাস্ক পরিহিত ৩০ থেকে ৩৫ জন যুবক আকস্মিকভাবে মিছিলটি বের করেন। এসময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিল শেষ করে দ্রুত এলাকা ত্যাগ করেন তারা।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই একদল যুবক ব্রিজের ওপর জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাদের অনেকের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত সরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন,স্কুল-কলেজ পড়ুয়া কিছু ছাত্র চোরাগোপ্তা মিছিল করে পালিয়ে গেছে। পরে মোটরসাইকেল নিয়ে খুঁজেও তাদের পাওয়া যায়নি। প্রশাসনের গাফিলতির কারণেই নিষিদ্ধ সংগঠনের কর্মীরা এমন তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এটি আজকের ঘটনার ভিডিও কি না তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে।’