বগুড়ায় এক তরুণীকে নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতনের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী তরুণীর বাড়ি শিবগঞ্জ উপজেলা এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিকসহ কয়েকজন উপস্থিত ছিলেন। পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে।
এরপর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তারা ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট সড়কের পাশে একটি নির্মাণাধীন পুরনো ভবনে যায়। সেখানে রকি নামের আরও একজন যোগ দেয়। অভিযোগ অনুযায়ী, সেখানে মদ্যপ অবস্থায় একপর্যায়ে তারা ভুক্তভোগীকে পালাক্রমে জোরপূর্বক নির্যাতন করে।
পরে বাধন নামের একজন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ভুক্তভোগী চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় বাধন পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বগুড়া সদর থানা পুলিশের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।