মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ হামলায় আকবর মন্ডল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল ওই গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায় , আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সোমবার সকালে আকবর মন্ডল মাঠে পাট নিড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আকবর মন্ডলের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে মাঠেই ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন জানান, হাসপাতালে আনার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া নাগরিক প্রতিদিন-কে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হামলায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।