যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের মধ্যে মতভেদাভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’
আমাদের বেগম পাড়ায় কোনো বাড়ি নাই মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের মুরব্বিদের অনেকেরই বেগম পাড়ায় বাড়ি গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। এদেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়। আমাদের সন্তানরা দেশে পড়ালেখা করলেও মুরব্বীদের সন্তানরা বিদেশে গিয়ে লেখাপড়া করে। এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রত্যেকটি সেক্টরে মেধাবীদের স্থান করে দিতে হবে। প্রাইভেট সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসএমই সেক্টরকে আরও গতিশীল করতে হবে। আর এ জন্য আগামী বাজেটে এ দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। যাতে আমাদের সন্তানরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে না হয়। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিকায়ন করতে হবে।’
এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতি পাওয়ার আশায় আমাদের নেতাকর্মীদের মারধর করবে, হয়রানী করবে এটা পুলিশের দোষ না। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। আমাদের দেশের রাজনীতিবীদরা পুলিশ প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে। যাতে করে তাদের কথা শুনে বিরোধী দলকে হয়রানী করতে পারে। তার প্রমাণ, হাসিনার আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার অপরাধে গ্রেপ্তার হতে হয়েছিল। বর্তমান সরকারের সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলে গ্রেপ্তার হতে হয়। আমরা এমন বাংলাদেশ চাই না। আমাদেরকে দেশটাকে আরও পাল্টাতে হবে।’
জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের পরিচালনায় পদযাত্রায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মো. হানিফ পাটোয়ারী, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।