কুষ্টিয়া থেকে মেহেরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামের এক কৃষক।
সোমবার (১৮ মে) সকালে কুষ্টিয়ার মিরপুর-মেহেরপুরের গাংনীর মাঝামাঝি কোনো এক স্থানে এ ঘটনা ঘটে। পরে ওই কৃষককে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী হানিফ শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।
হানিফ শেখের পরিবার জানায়, সকালে গরু কেনার উদ্দেশে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর মেহেরপুর যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।
হানিফ শেখের বড় ছেলে মাসুম বলেন, ‘বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে আনা হয়। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।