বাগেরহাটের মোরেলগঞ্জে মিঠু শেখ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে মিঠু শেখ বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মিঠু শেখ নিহত হয়েছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।