দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া হাম রোগ, লাগামহীন শিশুমৃত্যু এবং স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। সমাবেশ থেকে হাম মহামারিকে অবিলম্বে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা, সকল সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং ফ্রি আইসিইউ সেবা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
একইসঙ্গে সরকারের ব্যর্থতা, গাফিলতি ও স্বাস্থ্যখাতের ভঙ্গুর চিত্রের তীব্র সমালোচনা করেন বক্তারা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসু। সঞ্চালনা করেন সংগঠক আসানূর ইসলাম। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের চরম উদাসীনতা, অদক্ষতা ও স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির ফলেই হাম পরিস্থিতি আজ মহামারিতে রূপ নিয়েছে। প্রতিদিন শিশুর মৃত্যুর খবর আসলেও সরকারের মধ্যে কোনো কার্যকর তৎপরতা নেই।
তারা দাবি করেন, এ পর্যন্ত সারাদেশে ৪৬৪ শিশুর মৃত্যু হয়েছে এবং দেশের ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে। অথচ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দায় এড়ানোর সংস্কৃতিতে ব্যস্ত।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত বেড, নেই আইসিইউ, নেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। স্বাস্থ্যখাত আজ কার্যত ভেঙে পড়েছে।
তারা বলেন, রাষ্ট্র যদি নাগরিকের জীবন রক্ষা করতে না পারে, তবে সেই ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে। বক্তারা আরও বলেন, কোনো সংক্রামক রোগকে মহামারি বা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা, পরীক্ষার কিট ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। কিন্তু সরকার এখনো বাস্তবতাকে অস্বীকার করে পরিস্থিতিকে হালকাভাবে দেখছে, যা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে মাগুরার স্বাস্থ্য ব্যবস্থার নাজুক চিত্রও তুলে ধরা হয়। বক্তারা বলেন, ২৫০ শয্যার মাগুরা সদর হাসপাতালে একটি আইসিইউ পর্যন্ত নেই। ফলে গুরুতর রোগীদের চিকিৎসা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অবিলম্বে সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ চালু এবং স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।