পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলাম মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে কাজ করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম হানি করেছে।’
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটি দল এ দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ বিএনপি কিন্তু জুলাই সনদ তৈরি করেছে। সংস্কারের দাবিও আমাদের।’
তিনি বলেন, ‘ধর্মের নামে মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। জনগণের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না।’
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।
ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারব না, কিন্তু এটা হবে আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে।’
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।