চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন- মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের উপর হঠাৎ অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক জানান, হামলার ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।
বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারের মধ্যে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রাও হতবাক হয়েছেন।
রাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।