অপারেশন ম্যানগ্রোভ শিল্ড
পূর্ব সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ ও ‘দয়াল’ বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দস্যু নির্মূলে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় শুক্রবার ভোরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের ইতোমধ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তর মোংলায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে গত মঙ্গলবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকা থেকে ১২ জেলেকে এবং বুধবার রাতে বনের ছাপড়াখালী এলাকা থেকে আরও ছয় জেলেকে অপহরণ করে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী।
এ ছাড়া বনদস্যু দয়াল বাহিনীর কাছেও আরও তিন জেলে জিম্মি ছিলেন। তবে এই তিন জেলেকে কবে এবং সুন্দরবনের কোন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধার হওয়া ২১ জেলের মধ্যে ১৮ জনই বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর এলাকার বিভিন্ন মৎস্য ব্যবসায়ীর বেতনভুক্ত কর্মচারী বলে জানা গেছে।
কোস্ট গার্ডের সফল এই অভিযানে জেলেদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ উৎকণ্ঠার পর স্বজনদের ফিরে পাওয়ার খবরে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।