কক্সবাজারে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে পর্যটকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পর্যটক ও একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকদের অভিযোগ, রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন পর্যটক ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় মোটরসাইকেলে নির্ধারিত পরিমাণের তুলনায় কম-বেশি তেল দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কর্মচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষে রূপ নেয়।
পর্যটকদের দাবি, পরে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারী ও মালিকপক্ষের লোকজন একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন পর্যটক গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয় এক ব্যক্তিও আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন। তবে এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।