যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমন ওরফে ভাগনে ইমনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দেড়টার দিকে শহরের পালবাড়ি নূতন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২২ মে) ইমনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স এসব তথ্য নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ইমন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশে শহরের পালবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মধ্যরাতে পালবাড়ি এলাকায় অভিযান চালায়। ওই সময় ইমন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন।
মেজর ফজলে রাব্বি বলেন, ভাগনে ইমন যশোরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া, তিনি অস্ত্রবাজি, বোমা বিস্ফোরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক চোরাচালানের আরও ১৫টি মামলায় অভিযুক্ত। আত্মগোপনে থেকে তিনি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন।