ঝিনাইদহে ছাত্রদল-যুবদল হকিস্টিক দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তাকে কিল-ঘুষি মারা হয় বলেও দাবি করেছেন তিনি।
এরই মধ্যে এ ঘটনায় ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পৌর কালেক্টর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকেল ৩টার দিকে এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হামলাকারীরা হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন তিনি। হামলাকারীরা এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাসহ কয়েকজন নেতাকর্মীকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন বলেও অভিযোগ তার।
তিনি আরও লেখেন, এ ঘটনায় কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন পাটওয়ারী। একই সঙ্গে থানার সামনে পুনরায় হামলার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে ছাত্রদল, যুবদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্যও এখনো জানা যায়নি।