আদালদের এজলাস কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামির মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সপ্তম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। পরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমান তাদের কারাদণ্ড দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসেন আসামি তুর্য ইসলাম আসিফ। আদালতের কাঠগড়া থাকা অবস্থায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি সুজন আহমেদ রনির কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন তিনি।
বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়। এসময় আসিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির কাছ থেকে ৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে কোর্ট পুলিশের সিএসআই জব্দ তালিকাসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন। এসময় তুর্য ইসলাম আসিফকে ৬ মাসের এবং সুজন আহমেদ রনিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পাবনা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও সংক্ষিপ্ত বিচার পরিচালনা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।