মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নে বালুচর পশুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৩ ও ২৬ মে বালুচর বাজারে পশুর হাট বসার কথা রয়েছে। এ হাটের ইজারা পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। হাট পরিচালনার দায়িত্বে ছিলেন মো. মোক্তার হোসেন ও মো. শহীদ বাউল। ইজারা কার্যক্রম সংশ্লিষ্ট একটি সভাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলান হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
হাটের ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান নাগরিক প্রতিদিনকে বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।