বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে। শুক্রবার (২২ মে) রাত পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি- ৫৫)। এর আগে শুক্রবার সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় ড্রাম ট্রাক ও কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করে।
প্রেস বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি দল শুক্রবার সকাল ৬টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় সন্দেহভাজন একটি বালু ভর্তি ড্রাম ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটিকে থামানো হয়। বিজিবি টহলদল গাড়িটি তল্লাশি চালিয়ে বালুর ভেতরে লুকায়িত অবস্থায় বস্তার মধ্যে ভারতীয় বিপুল পরিমান অবৈধ জিরা জব্দ করে।
একই এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যানেও বস্তার ভেতরে লুকানো ভারতীয় জিরা দেখতে পেয়ে তা জব্দ করে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া কাগজ জালিয়াতি করে কাভার্ড ভ্যানযোগে এবং ড্রাম ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহনের সময় এগুলো জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক মুল্য প্রায় এক কোটি ১৭ লাখ টাকা।
তিনি আরও বলেন, আমদানি নিষিদ্ধ এই জিরা নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।