গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা এবং পরে যাত্রীবাহী বাসের চাপায় নাসির উদ্দিন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের হেলপার। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থেকে কারখানার মালামাল বোঝাই করে একটি পিকআপ গোড়াইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কালিয়াকৈরের গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক সেই সময় পেছন থেকে আসা সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে চাপা দেয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নাসির উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন পিকআপের হেলপার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।