উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু ও পশ্চিমপাড়ের ২২ কিলোমিটার সংযোগ মহাসড়কে ঈদযাত্রার চাপ বাড়তে শুরু করেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। তবে বাড়তি চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
এর মধ্যে পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৮৫৯টি যানবাহন চলাচল করেছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। আর পশ্চিম টোলপ্লাজা দিয়ে ঢাকাগামী ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারে আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল পর্যন্ত ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। আজ থেকে অতিরিক্ত আরও চারটি বুথ চালু করা হবে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ছয় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।