যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘুনি পূর্বপাড়ার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের আনোয়ার আলী (৭০) ও সৌভিক সাহা (৪)। আহত সাজ্জাদ হোসেনকে (২৮) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালককে আটক করেছে জনতা। এরপর কাভার্ডভ্যানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর থেকে যশোর-খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আহত সাজ্জাদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ইজিবাইক উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।