মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিরাকে অপহরণ করে কলাবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে পাঁচ বখাটে। এছাড়াও ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা।
গত ৪ মে সকালে শ্রীপুর ট্যাম্পু স্ট্যান্ড থেকে মিরাকে জোরপূর্বক তুলে নেয় সৌরভ নামে এক যুবক। পরে তাকে কলাবাগানে নিয়ে গিয়ে প্রথমে সৌরভ এবং পরে বাকিরা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ভিকটিমকে চুপ থাকতে বাধ্য করা হয়।
গত ১৯ মে ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর গত ২২ মে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০) ছাড়াও পাঁচজনের নাম উল্লেখ করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া নাগরিক প্রতিদিন-কে জানান, মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের মাগুরা জেলা জজ কোর্টে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে।’