ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বান্দরবানের থানচি। এ ঘটনায় অভিডুক্ত বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এদিকে, ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে থানচি থানা ঘেরাও করে রাখে স্থানীয়রা। রোববার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাতে ঘুমাতে গেলে যৌনাঙ্গে ব্যথা শুরু হলে ঘটনাটি পরিবারের কাছে খুলে বলে শিশুটি। এরপর শিশুটির মা-বাবা এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি বিজয়।
এরপর অভিযুক্ত বিজয় বড়ুয়াকে এলাকাবাসী আটক করে থানায় সোর্পদ করে। অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা।
থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় পাঁচ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলাও হয়েছে।