কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে লিয়াকত আলী নামের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন সন্ত্রাসীরা। এসময় লিয়াকত আলীর শরীরে গুলি না লাগলেও তার দুই সহযোগী স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি গুলিবিদ্ধ হন।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এসময় প্রত্যক্ষদর্শীরা জিয়াউল হক জিয়া (৩৪) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর ওপর হামলা চালিয়েছে তার প্রতিপক্ষরা। ২০২৫ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ায় নিজ বাড়িতে গিয়ে লিয়াকত আলীকে গুলি ও কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। রোববার সকালে লিয়াকত আলীসহ কয়েকজন জেলা ও দায়রা জজ আদালতে এসেছিলেন একটি মামলার হাজিরা দিতে। হাজিরা শেষে বেলা ১১টার দিকে লিয়াকত বাড়িতে ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলার প্রস্তুতি চলছে।