মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখী পশুবাহী যানবাহনের চাপ বেড়েছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় উভয় ঘাটে বেশ সাচ্ছন্দে পার হচ্ছে যানবাহন। তবে ঘরমুখো যানবাহন ও যাত্রীদের চাপ ছিল খুবই কম। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজবাড়ি ও ফরিদপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে ঢাকার গাবতলী পশুর হাটে নিয়ে যাচ্ছেন বারেক মিয়া নামের এক ব্যবসায়ী। নাগরিক প্রতিদিনকে তিনি বলেন, ‘আসার পথে পাটুরিয়া ঘাটে তেমন কোনো ভোগান্তি হয়নি। ফেরিও সহজেই পেয়েছি। তবে সকাল থেকে ট্রাকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, এই চাপ আরও বাড়বে বলে মনে হচ্ছে।’
ট্রাকচালক সগির হোসেন বলেন, ‘সকালের দিকে যাত্রী ও যানবাহনের চাপ কম ছিল, তাই খুব সহজেই ঢাকায় প্রবেশ করতে পারছি। এখন ধীরে ধীরে গাড়ির সংখ্যা বাড়ছে। কাল-পরশুর মধ্যে যানবাহনের চাপ বাড়বে।’
এদিকে যানজটের ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই গ্রামের উদ্দেশে রওনা হয়েছে। ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন সিরাজুল ইসলাম। নাগরিক প্রতিদিনকে তিনি বলেন, ‘ঈদের ছুটি সামনে থাকায় আগেভাগেই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। অফিসে কাজ থাকলেও ছুটি নিয়ে বের হয়েছি, কারণ শেষ সময় ভিড় অনেক বেড়ে যায়।’
গোল্ডেন লাইন পরিবহনের চালক আবুল কালাম বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল বা সন্ধ্যার পর ঘাট এলাকায় চাপ বাড়তে পারে।’
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন নাগরিক প্রতিদিনকে বলেন, ‘ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে এবং যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী পশুবাহী যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে এতে ঘাট এলাকায় কোনো ধরনের যানজট বা ভোগান্তি তৈরি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।’